নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র রিমান্ডে
অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন।
নেত্রকোণা পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম খানকে নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার বিকালে নেত্রকোণা সদর আমলী আদালতের বিচারিক হাকিম মো. কামাল হোসাইন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের পরিদর্শক জাফর ইকবাল জানান।
তিনি বলেন, নেত্রকোণা মডেল থানার নাশকতার এক মামলায় নজরুল ইসলাম খানকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার সকাল ৬টার দিকে বিদেশে যাওয়ার চেষ্টার সময় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল।
নেত্রকোণা শহরের চকপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম খান পৌরসভায় তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন। তার বাবা আব্বাস আলী খানও নেত্রকোণা পৌরসভার চেয়ারম্যান ছিলেন এবং পরে তিনি আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্যও হয়েছিলেন।
