কাউখালীতে দুই ইটভাটা বন্ধের নির্দেশ, ৪ লাখ টাকা জরিমানা
ইটভাটাগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।
রাঙামাটি কাউখালী উপজেলায় দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সেগুলো বন্ধের নির্দেশ এবং জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে এ অভিযান চালানো হয় বলে কাউখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান জানান।
ইউএনও বলেন, “হাইকোর্টের নির্দেশ মোতাবেক কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ‘বি আর বি ব্রিকস’ ও ‘এম বিবি ব্রিকসে’ অভিযান চালিয়ে দুইটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটাগুলো ভিজিয়ে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।”
অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
