১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, শিক্ষার্থী-শ্রমজীবীসহ আটক ৮

বিপিএটিসি সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মিছিলের সময় তাদের আটক করা হয় বলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2026, 10:46 PM

Updated : 19 Sep 2026, 02:26 PM

ঢাকার সাভারে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে মিছিলের সময় তাদের আটক করা হয় বলে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান।

তিনি বলেন, সাভার পৌর ছাত্রলীগের পলাতক সভাপতি মাসুম দেওয়ানের অর্থায়নে এই ঝটিকা মিছিলটি বের করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন শিক্ষার্থী, পোশাক শ্রমিক ও দোকানের কর্মচারী। তারা হলেন- মো. ফিরোজ মিয়া (২৪), মো. রিয়াদ (১৮), মো. সোয়াদ (১৮), মো. মাসুম (১৮), মো. জিন্নাত (১৯), ইসমাইল হোসেন (২০), মো. তামিম সিকদার (১৮) ও মো. সাকিন ইসলাম (১৮)।

এদের মধ্যে কুড়িগ্রাম সরকারি কলেজের ছাত্র ফিরোজ মিয়া শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক। 

এ ছাড়া জিন্নাত সাভার সরকারি কলেজের শিক্ষার্থী এবং বাকিরা পোশাক খাত, জুতার দোকান ও রাজমিস্ত্রির কাজের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।