নড়াইলে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ, আসামি ফার্নিচার ব্যবসায়ী
৫০০ টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হবে বলে দাবি স্বজনদের।
নড়াইলের লোহাগড়া উপজেলায় ৫০০ টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ফার্নিচার ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ঘটনার দুই দিন পর সোমবার সকালে ভুক্তভোগী শিশুটির বাবা মামলাটি করেন বলে জানিয়েছেন লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।
আসামি আকতার খান (৫৫) উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের বাসিন্দা। তিনি লোহাগড়া পৌরসভার আলামুন্সির মোড়ে ফার্নিচারের ব্যবসা করেন।
পুলিশ ও ভুক্তভোগীর স্বজনরা জানান, শনিবার দুপুরের দিকে ১১ বছর বয়সী প্রতিবন্ধী মেয়েটি পৌরসভার আলামুন্সির মোড় এলাকায় ঘোরাঘুরি করছিল। এ সময় বৃষ্টি শুরু হলে আকতার খান শিশুকে তার দোকানে ডেকে নিয়ে যান।
“পরে শিশুটিকে দোকানের ভেতর নিয়ে ৫০০ টাকা দেওয়ার কথা বলে ধর্ষণ করেন। স্থানীয়রা জানতে পারলে ঘটনা ধামাচাপা দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং কাউকে বলতে নিষেধ করেন। পরে ঘটনাটি এলাকায় জানাজানির হলে শিশুটি সাংবাদিকদের কাছে সব ঘটনা খুলে বলে।”
ভুক্তভোগী শিশুর বাবা বলেন, “আমি দিনমজুর। গুচ্ছ গ্রামে বসবাস করি। যে আমার মেয়েকে ধর্ষণ করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
এ বিষয়ে জানতে আসামি আকতার খানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
পুলিশ পরিদর্শক অজিত কুমার রায় বলেন, ঘটনার পর থেকে আকতার খান পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
