মানিকগঞ্জে রাস্তা থেকে যুবককে তুলে নিয়ে পিটিয়ে হত্যা
মাটি ব্যবসার কারণে এলাকার রাস্তাঘাট নষ্ট হওয়ায় প্রতিবাদ করায় ওই যুবককে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে।
মাটি ব্যবসার কারণে এলাকার রাস্তাঘাট নষ্ট হওয়ায় প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।
রোববার রাতে উপজেলার কুলিয়া ইউনিয়নের উয়াইল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানান।
নিহত ঝন্টু সোহাগ (২৮) ওই গ্রামের বাসিন্দা। তিনি ইজিবাইক চালক ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, মাটিবাহী গাড়ি চলাচলের কারণে ঝন্টুর বাড়ির সামনে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে ঝন্টু একই গ্রামের মাটি ব্যবসায়ী জাকির হোসেনের কাছে গিয়ে প্রতিবাদ জানান। এ ঘটনার পর থেকে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়।
এ বিরোধের জেরে রোববার রাত ৮টার দিকে ঝন্টুকে রাস্তা থেকে তুলে ঈদগাঁ মাঠে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের।
ঝন্টুর চাচা আমিনুর রহমান বলেন, “রাতে ১৫ থেকে ১৬ জন ব্যক্তি ঝন্টুকে তুলে নিয়ে লাঠি দিয়ে পিটিয়ে এবং ইট দিয়ে থেঁতলে হত্যা করে। এলাকায় মাটি ব্যবসার কারণে রাস্তাঘাট নষ্ট হওয়ায় প্রতিবাদ করাই কাল হল ঝন্টুর।”
খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
তবে ওসি সুমন কুমারের দাবি, “সম্প্রতি ঝন্টুদের বাড়ির সামনের সড়ক দিয়ে জাকির হোসেনের ছেলে জাহিদ মাটিবাহী গাড়ি নিয়ে যাচ্ছিলেন। সেই সময় ঝন্টুর বাড়ির নারীদের নিয়ে জাহিদ কটূক্তি করলে তাকে মারধর করা হয়।
“এ ঘটনার জেরে রোববার রাতে ঝন্টুকে পিটিয়ে গুরুতর আহত করা অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। হাসপাতালে নেওয়ার পথে ঝন্টু মারা যান।”
এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
