মাঠে গিয়েছিল খেলতে, সেখানে কুপিয়ে হত্যা
“অজ্ঞাত পরিচয় ৪ থেকে ৫ যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।”
রাজবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে রাজবাড়ী থানার ওসি (তদন্ত) আবু রাসেল জানিয়েছেন।
নিহত ৩০ বছর বয়সী ওই যুবকের নাম জাহিদ ফকির। তিনি রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকায় মাহাতাব ফকিরের ছেলে।
নিহতের বড় ভাই মামুন ফকির বলেন, “সকাল থেকে জাহিদ বাড়িতেই ছিলো। দুপুরের দিকে বাড়ির পাশে স্কুল মাঠে খেলতে যায় সে। সে সময় অজ্ঞাত পরিচয় ৪ থেকে ৫ যুবক তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।”
চিৎকার শুনে বাড়ির লোকজন জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানান মামুন।
ওসি আবু রাসেল বলেন, “পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
