২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনা আদালত চত্বর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

পুলিশের ধারণা, মৃত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 06:53 PM

Updated : 26 Aug 2026, 03:42 PM

বরগুনা জেলা আদালত চত্বরে সিভিল সার্জন কার্যালয়ের দেয়ালের পাশ থেকে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরগুনা সদর থানার ওসি আবদুল আলীম।

নিহত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, দুদিন ধরে ওই এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। সকালে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা দেয়ালের পাশে লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। এ সময় সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহ করে।

ওসি আবদুল আলীম বলেন, “ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তিনি বলেন, মৃত্যুর কারণ জানতে লাশট ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।