খাগড়াছড়িতে বজ্রপাতে একই পরিবারের চারজনসহ আহত ৫
স্থানীয়রা জানান, বিকালের দিকে নিজেদের খামার বাড়িতে ধান সংগ্রহ করছিলেন তারা।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে একই পরিবারের চারজনসহ পাঁচজন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়ায় এ ঘটনা ঘটে বলে ওয়ার্ডের কাউন্সিলর মো. এমরান হোসেন জানান।
আহতরা হলেন- আনছর আলীর স্ত্রী সরবানু বেগম (৫০), ছেলে শরাফত আলী (৩২) ও মো. আনিসুল হক (৩৫), আনিসুল হকের স্ত্রী রাবেয়া বেগম (৩০) ও প্রতিবেশী আব্দুল মালেকের ছেলে মো. মোস্তফা (৩০)।
স্থানীয়রা জানান, বিকালের দিকে নিজেদের খামার বাড়িতে ধান সংগ্রহ করছিল তারা। এসময় বজ্রসহ বৃষ্টিপাত সবাই খামার বাড়ির ঘরে আশ্রয় নেন। তখন ঘরের ওপর বজ্রপাত হলে তারা আহত হন।
ঘটনার পরপরই প্রতিবেশীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আনিসুল হক ও মো. মোস্তফাকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহাদ।
এদিকে, বজ্রপাতে আহতদের দেখতে মাটিরাঙ্গায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ইউএনও ডেজী চক্রবর্তী।
এ সময় তিনি আহতের চিকিৎসার খোঁজ-খবর নেন। একইসঙ্গে তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
