২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় মাদরাসা মাঠে আলু চাষের প্রস্তুতির অভিযোগ সুপারের বিরুদ্ধে

মাঠে খেলাধুলা বন্ধ করার জন্যই তিনি এ পদক্ষেপ নিয়েছেন বলে দাবি মাদরাসা সুপারের।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2024, 08:18 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসার মাঠে আলু চাষের প্রস্তুতির অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধানের বিরুদ্ধে। 

স্থানীয় ছাত্র-জনতার অভিযোগ, মাদরাসাটির সুপার আবদুল বাতেন আলু আবাদের জন্য ট্রাক্টর দিয়ে প্রতিষ্ঠানটির মাঠে চাষ দিয়েছেন।   

তবে আবদুল বাতেনের দাবি, মাঠে খেলাধুলা বন্ধ করার জন্যই তিনি এ পদক্ষেপ নিয়েছেন। 

ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদরাসা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা আব্দুল লতিফ মিয়া (বর্তমানে প্রয়াত) এই প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও খেলার মাঠের জন্য ১ একর জমি দান করেন। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে এমপিওভুক্ত হয়। 

স্থানীয়দের অভিযোগ, এই মাঠে বর্ষার মৌসুমে ধান চাষ করা হয়। এখন আলু আবাদের জন্য ট্রাক্টর দিয়ে মাঠে চাষ দেওয়া হয়েছে। 

মাদরাসাটির শিক্ষার্থী মিরাজ ও শান্ত বলেন, এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবসর সময়ে এই মাঠে খেলাধুলা করে। খেলাধুলাও পড়াশোনার একটি অংশ।  

খেলার মাঠ ফিরিয়ে এনে মাদরাসার সুপার আবদুল বাতেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে দাখিল মাদরাসাটির সুপার আবদুল বাতেন বলেন, “বাইরের ছেলেরা যেন মাঠে খেলাধুলা করতে না পারে, সেজন্য মাঠটি ট্রাক্টর দিয়ে চাষ দিয়েছি।” আলু চাষ করার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, “মাদ্রাসা সুপার প্রতিষ্ঠানের মাঠে চাষ দিতে পারেন না। আমি বিষয়টি খতিয়ে দেখব।” 

চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত বলেন, “এ বিষয়ে আমার জানা নেই। তবে কী কারণে প্রতিষ্ঠান সুপার মাঠ চাষ দিয়েছে শিক্ষার্থীরা অভিযোগ করলে জানা যাবে।”