১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সিলেটে প্রাইভেট কার থেকে ৫০ লাখ টাকা ছিনতাই, মামলা

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের কয়েকজন কর্মকর্তা গাড়িতে করে ফেঞ্চুগঞ্জ উপজেলায় কিছু ব্যবসায়ীকে টাকা দিতে যাচ্ছিলেন।

সিলেটে প্রাইভেট কার থেকে ৫০ লাখ টাকা ছিনতাই, মামলা
সিলেট মহানগরের মোগলাবাজার থানা

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2026, 04:10 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

সিলেটে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেট কার থেকে ৫০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা। 

শুক্রবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার পারাইরচক এলাকায় আটকিয়ে টাকা ছিনতাইয়ের এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম। 

ভুক্তভোগী ব্যক্তিরা জানিয়েছে, মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের কয়েকজন কর্মকর্তা গাড়িতে করে ফেঞ্চুগঞ্জ উপজেলায় কিছু ব্যবসায়ীকে টাকা দিতে যাচ্ছিলেন। ব্যাংক বন্ধ থাকায় তারা নগদ ৫০ লাখ ৭০ হাজার টাকা বহন করছিলেন। 

তাদের বহনকারী গাড়িটি পারাইরচকের লালমাটিয়া এলাকায় পৌঁছালে কয়েকটি মোটরসাইকেলে আসা ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত দেশি অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িটি থামায়। এ সময় তারা গাড়িতে আঘাত করে পাঁচটি কালো সিনথেটিক স্কুলব্যাগে থাকা পুরো টাকা লুট করে নিয়ে যায়।

শনিবার সকালে বিকাশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটরের দায়িত্বে থাকা সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাছিম হোসাইন বলেন, “অস্ত্রের ভয় দেখিয়ে টাকা লুট করে নেওয়া হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামা ৭ থেকে ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে।”