১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের ২ যাত্রী নিহত

ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ

গোপালগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের ২ যাত্রী নিহত
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 08:23 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

গোপালগঞ্জে সদর উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিন যাত্রী।

সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার ডুমদিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান।

নিহতরা হলেন- সদর উপজেলার শুকতাইল চরপাড়া গ্রামের সিদ্দিক সরদারের ছেলে জিকার সরদার (৪০) এবং একই গ্রামের আমান শেখের ছেলে হাসিব শেখ (৩৮)।

তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তারা গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ পরিদর্শক মাসুদ খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী হামিম পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই যাত্রী জিকার ও হাসিব নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

আইনি প্রক্রিয়া শেষে দুইজনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।