বরিশালে বিএনপি কর্মীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ প্রতিবেশির বিরুদ্ধে
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান ওসি।
বরিশালের উজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপি কর্মীর বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার পূর্ব জয়শ্রী গ্রামে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস, পুলিশ ও ইউএনও জানিয়েছেন।
বিএনপির কর্মী মোফাজ্জেল হাওলাদারের দাবি জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশি মৃত মন্নান হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার ও সাগর হাওলাদার তার ঘরে আগুন দিয়েছেন।
আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে মোফাজ্জেল বলেন, “তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।”
কিন্তু সোহাগ ও সাগরের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুর রশিদ বলেন, পূর্ব জয়শ্রী গ্রামের হাওলাদার বাড়ির মোফাজ্জেল হাওলাদারের ঘরে সন্ধ্যায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা সন্ধ্যা সাড়ে ৬টায় গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।
তাদের দুটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। আগুনে একটি টিনসেড ঘর পুড়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারণ করা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ তারা জানাতে পারেনি।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, “ঘরে এ সময় কেউ ছিল না। তবে মোফাজ্জেল দাবি করেছেন, শত্রুতার জের ধরে প্রতিবেশি ঘরে আগুন দিয়েছে।”
অভিযোগ পেয়েছেন জানিয়ে ওসি বলেন, “তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যার ঘর পুড়েছে, তিনি নিজেকে বিএনপি কর্মী দাবি করেছেন। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে।”
