Published : 28 Apr 2026, 05:54 PM
চোরাই পথে পাচারের সময় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত ১১টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে এ জরিমানা আদায় করা হয় বলে জানান উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম।
দণ্ড পাওয়া শাহজালাল সবুজ (৪২) শাহজাদপুর উপজেলার নোকালী গ্রামের প্রয়াত শাহজাহান সিরাজের ছেলে।
ইউএনও রায়হানুল ইসলাম বলেন, শাহজাদপুর থেকে একটি মিনি ট্রাকে করে ডিজেল নিয়ে নাটোরে পাচার করা হচ্ছিল, এমন খবর পেয়ে পুলিশের সহায়তায় অভিযান চালানো হয়। ট্রাকটি আটক করে ড্রামে এক হাজার ২০০ লিটার ডিজেল যাওয়া যায়।
এ সময় ডিজেল ক্রয় ও পরিবহনের কোনো কাগজপত্র দেখাতে পারেননি ব্যবসায়ী সুজন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সবুজকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
তিনি বলেন, তাৎক্ষণিক সবুজ জরিমানার টাকা প্রদান করলে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া জব্দ করা ডিজেল স্থানীয় তেল পাম্পে বিক্রি করে পাওয়া টাকা সরকারি কোষাগারে জমার দেওয়ার সিদ্ধান্ত হয়।