২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যালয়ে গিয়ে একে একে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ-অজ্ঞান

পাবনার বেড়া উপজেলার কাজীরহাট উচ্চ বিদ্যালয়ে রোব ও সোমবার এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ে গিয়ে একে একে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ-অজ্ঞান
শিক্ষার্থীদের গণহারে অসুস্থতার খবর পেয়ে অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2025, 07:36 PM

Updated : 10 Sep 2026, 12:42 PM

পাবনার বেড়া উপজেলায় একটি বিদ্যালয়ে দুদিনে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছে। চিকিৎসকরা বলছেন, ‘ম্যাস হিস্টেরিয়া’ বা ‘গণমনস্তাত্ত্বিক রোগ’ এর কারণে এমনটা হয়েছে।

উপজেলার কাজীরহাট উচ্চ বিদ্যালয়ে রোব ও সোমবার এ ঘটনা ঘটে বলে বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা সুলতানা জানান। 

অসুস্থ শিক্ষার্থীদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সবাই আশঙ্কামুক্ত। তবে বিষয়টি নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

শিক্ষক ও অভিভাবকরা জানান, বেশির ভাগ শিক্ষার্থী সোমবার অসুস্থ হলেও ঘটনাটি প্রথম দেখা যায় রোববার। ওইদিন দুপুর ২টার দিকে সাতজন ছাত্রী হঠাৎ করেই অসুস্থ বোধ করতে থাকে। এক পর্যায়ে কয়েকজন অজ্ঞানও হয়ে যায়। 

শিক্ষকরা তাদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। বিষয়টিকে শিক্ষক-অভিভাবকরা অনেকটা স্বাভাবিক ভাবেই নিয়েছিলেন। 

সোমবার ক্লাস শুরুর আগে শিক্ষার্থীরা বিদ্যালয়ের আঙিনায় অ্যাসেম্বলিতে দাঁড়ায়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে সেখানেই পড়ে যায়। তখন ভয়ে অন্য শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে দৌড়ে ঢুকলে সেখানেও তারা অসুস্থ হতে থাকে। 

বেশিরভাগই একপর্যায়ে চেতনা হারিয়ে ফেলে। এভাবে ৪০ থেকে ৪৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। শিক্ষক ও সুস্থ থাকা শিক্ষার্থীরা দৌড়ে গিয়ে তাদের মাথায় পানি ঢালে। 

খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে যান। শিক্ষক ও অভিভাবকরা অসুস্থ শিক্ষার্থীদের নিয়ে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কাশিনাথপুর উপস্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নিয়ে তাদের চিকিৎসা দেন। অনেক অভিভাবক শিক্ষার্থীদের বাড়িতে নিয়েও চিকিৎসক ডেকে এনে চিকিৎসা দেন।  

দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টি ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের আশপাশের ওষুধের দোকানগুলোতে অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনই কয়েকজন শিক্ষার্থীকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যানে করে বাড়ি অথবা অন্য কোনো হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। 

প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে ওঠা সপ্তম শ্রেণির শিক্ষার্থী আজমেরী খাতুন বলে, “ক্লাসে ঢোকার পর মাথা ঘুরতে থাকে ও বমি বমি লাগে। এক পর্যায়ে বেশ কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলি, এখন কিছুটা ভালো লাগছে।”

এ সময় অভিভাবক মোছা. সোনিয়া খাতুন বলেন, “ছেলের অসুস্থতার কথা শোনামাত্র আমি স্কুলে আসি। এখানে কিছু সময় থাকার পরই আমার নিজেরই কেমন যেন অস্থির লাগতে শুরু করে। 

“আমার মনে হয়, এখানে অজ্ঞান হওয়ার মত কোনো ওষুধ ছিটানো ছিল। কেমন যেন একটা গন্ধ নাকে আসে। আমার ছেলেটা এখন অনেটাই সুস্থ আছে।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ হোসেন বলেন, “রোববার দুপর ২টার দিকে হঠাৎ করেই ছয় থেকে সাতজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। আমরা তাদের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠিয়ে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি। পরে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ায় বিষয়টি আমরা অনেকটা স্বাভাবিক ঘটনা হিসেবেই নিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো তারা না খেয়ে আসায় দুর্বল হয়ে অসুস্থ হয়েছে। 

“কিন্তু সোমবার সকাল ১০টার দিকে অ্যাসেম্বলিতে একজন ছাত্র ও ছাত্রী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলার বিষয়টি অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা দ্রুত ক্লাসে পাঠানোর পর একে একে ৪০-৪৫ জনেরও বেশি শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।” 

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “আমরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের আশপাশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠাতে থাকি। এর মধ্যেই অনেক শিক্ষার্থী সুস্থ হয়েছে বলে খবর পেয়েছি। ঠিক কী কারণে তারা অসুস্থ হয়েছে তা বলতে পারছি না।”

আমিনপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, “শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে তাদের চিকিৎসাকেন্দ্রে পাঠানোর ক্ষেত্রে সহায়তা করে। ঠিক কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে তা চিকিৎসকরাই বলতে পারবেন। তবে আমাদের কাছে শ্রেণিকক্ষগুলো অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন মনে হয়েছে।”

বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা সুলতানা বলেন, “আমাদের হাসপাতাল থেকে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তিনজনকে ভর্তি করা হয়। ভর্তি হওয়া তিন শিক্ষার্থী এখন অনেকটাই সুস্থ।

“প্রাথমিকভাবে আমরা এটিকে ‘ম্যাস হিস্টেরিয়া’ বা ‘গণমনস্তাত্ত্বিক রোগ’ বলে ধারণা করছি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।”