Published : 14 Aug 2026, 09:23 PM
চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলম।
তিনি বলেছেন, “এই অর্থ বছরেই স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন হবে। সেই আলোকে কাজ করছে নির্বাচন কমিশন। তবে এর জন্য বিশাল অর্থ ব্যয় হবে। সংশ্লিষ্ট দপ্তরের ক্লিয়ারেন্স পেলেই তফসিল ঘোষণা করা হবে।”
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “আগামী চার বছরে আমরা পাঁচ কোটি পরিবারের মহিলার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। এর আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী, আমার স্ত্রী, সবাই কার্ড পাবেন। তবে কেউ যদি সে অর্থ রাষ্ট্রের ফান্ডে জমা দেন, সেটা তার ব্যাপার।”
সিলেট বিভাগের উন্নয়নের জন্য সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে; যার মধ্যে মৌলভীবাজারে দেড় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হবে বলে জানিয়েছেন মীর শাহ আলম।
তিনি বলেন, “আমরা এই কাজগুলো আগামী পাঁচ বছর পর ভোটের চিন্তা করে করছি। আমরা কারচুপির ভোট করব না। কাজ করব জনগণের জন্য, জনগণ কাজ দেখেই আমাদের ভোট দেবে।”
অনুষ্ঠানে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক এবং মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এদিন সকালে শ্রীমঙ্গল রাধানগর সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ সময় তিনি শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে একটি মাস্টার প্ল্যান তৈরি করে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কথা বলেন।
শ্রীমঙ্গলে এমন পরিবেশ তৈরি করা হবে, যাতে দেশ-বিদেশের পর্যটকেরা নির্বিঘ্নে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন বলে জানান মীর শাহ আলম।
সেখান থেকে তিনি শ্রীমঙ্গল শিশু উদ্যান এবং শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মিত বহুতল ভবনের নির্মাণকাজ ও কলেজ রোড ময়লার ভাগাড় পরিদর্শন করেন। পরে শ্রীমঙ্গল পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।