২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ছুরিকাঘাতে ইজিবাইক চালক খুন, যাত্রী আটক

ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে এক যাত্রী ইজিবাইকের চালককে ছুরিকাঘাত করেন বলে জানতে পারে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2024, 10:42 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

নরসিংদীতে ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে যাত্রীর ছুরিকাঘাতে  ইজিবাইক চালক খুন হয়েছেন; আটক হয়েছেন ইজিবাইকটি এক যাত্রী।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান।

নিহত ইউনুস মিয়া (৩৭) জেলার রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। 

তিনি শহরতলীর হাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়ায় থেকে শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।

এ ঘটনায় অজয় দাস (২২) নামে ওই ইজিবাইকের এক যাত্রীকে আটক করেছে পুলিশ।

নিহতের স্ত্রী আকলিমা বেগম জানান, প্রতিদিনের মত দুপুরের দিকে ইজিবাইক নিয়ে বের হন তার স্বামী ইউনুস মিয়া। সন্ধ্যায় তাকে ছুরিকাঘাতে হত্যার খবর পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালে গিয়ে ইউনুস মিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পান তারা।

সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, হাজীপুরে ভাড়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে অজয় দাস নামের এক যাত্রী ইজিবাইকের চালক ইউনুসকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। যাত্রী অজয় দাসকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে। 

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।