উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অ্যাম্বুলেন্স চাপায় শিশুর মৃত্যু
“শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
কক্সবাজারে উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে অ্যাম্বুলেন্স চাপায় এক শিশুর প্রাণ গেছে।
উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বুধবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত চার বছর বয়সী জুবাইরা উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকের মোহাম্মদ জুবায়ের মেয়ে। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
এপিবিএন পুলিশ ও স্থানীয়দের বরাতে ওসি শামীম বলেন, “বেসরকারি সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র পরিচালিত হাসপাতালে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স উখিয়া উপজেলার ৪ নম্বর এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল।
“পথে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পথচারী এক শিশুকে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দেয়। পরে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার পর স্থানীয়রা অ্যাম্বুলেন্সসহ চালককে আটক করে। তাকে কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জের হেফাজতে রাখা হয়েছে বলে জানান ওসি।
