Published : 09 Aug 2025, 04:54 PM
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্ত থেকে আট কেজি ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে বিজিবি। এ ছাড়া জব্দ করা হয়েছে চোরাকারবারির ফেলে যাওয়া একটি মোটরসাইকেল।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে জানান চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী।
দুপুরে বিজিবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোরে সীমান্ত দিয়ে রূপা চোরাচালানের খবর পেয়ে অভিযান চালায় বিজিবি। এ সময় মোটরসাইকেলে করে সন্দেহভাজন এক ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখলে তাকে থামানোর সংকেত দেওয়া হয়।
বিজিবির সংকেত দেখে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি ধাওয়া দিলে মোটরসাইকেল ফেলে ওই ব্যক্তি পাটক্ষেতে দিয়ে পালিয়ে যান।
পরে মোটরসাইকেল তল্লাশির করে অভিনব কায়দায় লুকিয়ে রাখা আট কেজি ৯০০ গ্রাম দানাদার রুপা পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য ২১ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
জব্দ করা রুপা চুয়াডাঙ্গার ট্রেজারি শাখায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি।