Published : 10 Jun 2026, 08:14 PM
ভাষা সৈনিক ও বগুড়া জেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান ডা. মকবুল হোসেন মারা গেছেন।
বুধবার দুপুরে শহরের নারুলী মধ্যপাড়ার বাসভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর এই প্রবীণ রাজনৈতিক নেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মকবুল হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার জানায়, মকবুল হোসেন ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বগুড়া জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে জেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। মেয়াদ শেষে ২০২২ সালে আবারও প্রশাসকের দায়িত্ব পান। পরে নির্বাচনে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।
পরিচ্ছন্ন ও সজ্জন রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত মকবুল হোসেনের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।