১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় মিল মালিককে হত্যা, ৩ ট্রান্সফরমার লুট

“রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং মাথায় আঘাত করে হত্যা করে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 02:09 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক মিল মালিককে হত্যা করা হয়েছে। সেখান থেকে তিনটি ট্রান্সফরমার লুটের ঘটনা ঘটেছে। 

রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৭টার মধ্যে ফেনিরগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে শিবগঞ্জ থানার ওসি মো. শাহীনুজ্জামান জানান। 

নিহত ৭০ বছর বয়সী মোহাম্মদ আলী ফেনিরগ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা। 

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

ওসি শাহীনুজ্জামান বলেন, “মোহাম্মদ আলী রাতে নিজের মিলে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে এবং মাথায় আঘাত করে হত্যা করে। 

“যাওয়ার সময় হত্যাকারীরা মিল থেকে তিনটি ট্রান্সফরমার লুট করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।”

হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতেদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে বলে ওসি শাহীনুজ্জামান জানিয়েছেন।