২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আল্লাহ তুই দেখিস’: এক আসামি গ্রেপ্তার

শনিবার তারাকান্দা থানায় ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 11:00 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ময়মনসিংহের তারাকান্দায় হেনস্থা করে বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের চুল ও দাড়ি কাটার ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে ময়মনসিংহ নগরী থেকে মজনু মিয়া নামে ৪৭ বছর বয়সী এই আসামিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মজনু মিয়া তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ এলাকার মৃত রজব তালুকদারের ছেলে। 

তারাকান্দা থানার ওসি মুহাম্মদ টিপু সুলতান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মজনু মিয়া এই মামলার এজাহারনামীয় আসামি।

এর আগে শনিবার তারাকান্দা থানায় ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী হালিম উদ্দিন আকন্দ অভিযোগ করেন, ওইদিন (ঘটনার দিন) তিনি বাজারে গেলে তারা তাকে জোর করে ধরে চুল ও দাড়ি কেটে দিয়েছে। বাজারে তখন লোক কম ছিল। 

“আমি চেষ্টা করেও তাদের হাত থেকে রেহাই পাইনি। তখন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। এখনও আল্লাহার কাছে বিচার চাই। তবে পরিবারের কথায় এখন আমি থানায় অভিযোগ দিয়েছি, দেখি তারা কী বিচার করে।” 

তিনি বলেন, “আমার চুল দাড়ি কাটার সময় বাইরের দুইজন লোকসহ প্রায় আট থেকে নয়জন লোক ছিল। তাদের মধ্যে এলাকার নয়ন এবং মজনুও ছিল। তারা এখনো এলাকায় আছে। তারা আমাকে ভয় দেখাচ্ছে। তারা আমার মান ইজ্জত মারছে, আমি বিচার চাই।”  

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, হালিম উদ্দিন তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। গ্রামটি ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের পাশে। স্থানীয় বাসিন্দারা তাকে হালিম ফকির হিসেবেই চেনেন। হালিম উদ্দিন কোনো অপ্রকৃতিস্থ ব্যক্তি নন। 

তিনি হজরত শাহজালাল (র.) ও শাহ্ পরানের (র.) ভক্ত। প্রায় ৩৪ বছর আগে ওনাদের মাজারে যাওয়ার পর থেকেই তিনি বেশভূষা বদলে ফেলেন। সেই থেকে তিনি চুল দাড়ি কাটা বন্ধ করে দেন। নিজের মতো চলতেন। তাকে নিয়ে পরিবার বা এলাকাবাসীরও কোনো অভিযোগ ছিল না।