Published : 09 Mar 2026, 05:50 PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় খালে পড়ে থাকা বস্তায় অজ্ঞাত পরিচয় এক যুবকের গলাকাটা মৃতদেহ পেয়েছে পুলিশ।
সোমবার বেলা ৩টার দিকে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বেগমগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান।
নিহত যুবকের আনুমানিক বয়স ৩৯-৪০ বছর। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া যুবকের পরিচয় খুঁজছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে গণিপুর খালে একটি বস্তা দীর্ঘক্ষণ ধরে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নিয়ে প্রথমে জনমনে কৌতূহল ও সন্দেহের সৃষ্টি হয়। এক পর্যায়ে সেখানে লোকজন ভিড় জমাতে থাকেন। পরে বিষয়টি থানায় অবহিত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধারের পর সেটি খুলে ভেতরে গলাকাটা মৃতদেহ দেখতে পায়। নিহত যুবকের হাত-পা প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা ছিল।
পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দুই থেকে তিন দিন আগে কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।