২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় অস্ত্র-গুলি উদ্ধার, সরকারি কৌঁসুলি গ্রেপ্তার

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2026, 08:40 PM

Updated : 26 Aug 2026, 05:37 PM

কুমিল্লায় আগ্নেয়াস্ত্র, গুলিসহ সরকারি কৌঁসুলিকে (এপিপি) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

সদর দক্ষিণ থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, বৃহস্পতিবার সকালে নগরীর টমছম ব্রিজ এলাকার ইবনে তাইমিয়া স্কুল সংলগ্ন এলাকার বাসা থেকে আইনজীবী এম মাসুদুল হককে গ্রেপ্তার করা হয়। 

মাসুদুল (৫১) কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর মুক্তার বাড়ির মৃত আবদুল মতিনের ছেলে।

এর আগে টমছম ব্রিজ এলাকা থেকে আরিফুল ইসলাম (৩৬) নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ সিরাজুল মোস্তফা বলেন, প্রথমে চেকপোস্টে আরিফুলকে পাঁচটি গুলি ও একটি ছুরিসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাসুদুলের বাসায় অভিযান চালানো হয়। তার বাসা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।

মাসুদুলের বিরুদ্ধে আগের কোনো মামলা না থাকলেও আরিফুলের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি চেষ্টার মামলা রয়েছে।

কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) কাইমুল হক রিংকু বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে বিষয়টি জেনেছি। মন্ত্রণালয়ে জানানো হয়েছে। রোববার তার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।