Published : 03 Apr 2026, 06:35 PM
মাদারীপুর সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত বিশ বসতবাড়ি ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে। আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
সদর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মস্তফাপুর এলাকায় শুক্রবার বেলা ১১টার দিকে শুরু হয়ে প্রায় চার ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ চলে।
স্থানীয়রা বলছে, শামসু সরদার (ওরফে কোপা শামসু) ও হাবিব হাওলাদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এই বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। সকালে শামসুর পক্ষের লোকজন প্রথমে মস্তফাপুর বাসস্ট্যান্ডের একটি মোবাইলের দোকান, একটি হোটেল ও একটি মুদি দোকানে হামলা চালায়। পরে তারা হাবিব হাওলাদার গ্রুপের সমর্থক ঢালী বংশের কয়েকটি বাড়িতেও হামলা চালায়।
এর হামলার পরপরই হাবিব গ্রুপের লোকজন সংঘবদ্ধ হয়। এরপর উভয় পক্ষের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ককটেল বিস্ফোরণ এবং ভাঙচুরের কারণে বহু পরিবার আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দেখে সংঘর্ষকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

মস্তফাপুর এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উভয়পক্ষের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে এ সময়। ককটেলের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক মানুষ দোকানপাট বন্ধ করে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ওসি আবুল কালাম আজাদ জানিয়েছেন।
তিনি বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দিলে মামলা গ্রহণ করা হবে এবং সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।