Published : 05 Aug 2026, 02:55 PM
মাদারীপুরের ডাসারে একটি কাঠের কারখানায় ড্রাম ভর্তি দাহ্য পদার্থ বিস্ফোরণে এক শিশু শ্রমিক নিহত হয়েছে।
বুধবার সকালে ভূরঘাটা-শশীকর সড়কের গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ালী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ।
নজরুল ইসলাম শরীফ (১৪) ইউনিয়নের পশ্চিম বনগ্রামের হানিফ শরীফের ছেলে। সে স্থানীয় রবিউল ইসলামের কাঠের তৈজসপত্র তৈরির কারখানায় দিনমজুরের কাজ করত।
এলাকা ও নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, সকালে কারখানায় থাকা একটি কেমিকেলের ড্রাম খোলার জন্য চেষ্টা করছিলেন নজরুল। এ সময় ড্রামটি বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে ড্রামটিতে কি ধরনের রাসায়নিক ছিল তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নিহতের বাবা হানিফ শরীফ বলেন, সংসারের খরচ যোগাতে ওই কারখানায় দিনমজুর হিসেবে যোগ দিয়েছিল তার ছেলে নজরুল। তাকে নিয়ে তাদের বড় স্বপ্ন ছিল।
“ছেলে হারানোর বেদনা শুধু তার বাবা-মাই জানে। এখন আমি কী করব, কী বলবো, কিছুই মাথায় আসে না।”
এদিকে ঘটনার পর থেকেই আত্মগোপনে আছেন কারখানা মালিক রবিউল ইসলাম। তাই চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো. সোলায়মান মাহমুদ বলেন, শিশু নিহতের ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।