বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ভিডিওটিতে দেখা যায়, পানির ট্যাংকির মোড় থেকে মিছিলটি শুরু করে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে সটকে পড়ে মিছিলকারীরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে ঝটিকা আনন্দ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে ছিন্নমূল মানুষের মাঝে সেহরিও বিতরণ করেছিল বলেও দাবি তাদের।
শহরের ঝিলটুলী এলাকার সড়ক প্রদক্ষিণ করা মিছিলটির ভিডিও মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান।
ভিডিওটিতে দেখা যায়, পানির ট্যাংকির মোড় থেকে মিছিলটি শুরু করে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে সটকে পড়ে মিছিলকারীরা।
তারা "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" স্লোগান দেওয়ার পাশাপাশি 'শুভ শুভ শুভদিন বঙ্গবন্ধুর জন্মদিন', 'গোলটেবিল না রাজপথ, রাজপথ রাজপথ', 'ক্ষমতা না জনতা, জনতা জনতা', 'আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম' বলে স্লোগান দেন।
ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনের সারিতে ছিল সভাপতি তামজিদুল রশিদসহ বেশ কয়েকজন কর্মী। তাদের অনেকেরই মুখ মাস্ক দিয়ে ঢাকা ছিল।
মিছিলের ব্যানারে লেখা ছিল, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ফরিদপুরের মাটি শেখ হাসিনার ঘাঁটি।”
জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ বলেন, “বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ভোররাতে আমরা শহরের বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে সেহরি বিতরণ করেছি। সকালে আমরা আনন্দ মিছিল বের করি।
“এ মিছিলে ৫০ জনের মতো কর্মী ছিল। এছাড়া ২০ জনের মতো কর্মী মিছিলকে কেন্দ্র করে বিভিন্ন মোড়ে ‘ওয়াচম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন।”
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “কোনও নিষিদ্ধ সংগঠনের এভাবে প্রকাশ্যে মিছিলের সুযোগ নেই। আমরা মিছিলের ভিডিও হাতে পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
