সোনারগাঁয়ে ফার্নিচারের দোকানে কিশোরের মরদেহ
জন্মের পর মা মারা যাওয়ায় কিশোরের দেখাশোনা করতেন ফুপা। তার দোকানে কাজ করতেন এবং রাতে সেখানেই ঘুমাতেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ফার্নিচারের দোকান থেকে এক কিশোর কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান।
১৬ বছরের এই কিশোরের বাড়ি উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায়। একই ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকায় ফুপা নুরুল হুদার ফার্নিচারের দোকানে কাজ করতেন তিনি।
নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জন্মের পর মা মারা যাওয়ায় ছেলেটার দেখাশোনা করতেন তারা। নিজের সন্তান হিসেবে তাকে পরিচয় দিতেন। এই কিশোর দোকানেই ঘুমাতেন।
“মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে খাবার খেয়ে দোকানে যায় সে। বুধবার সকালে দোকান খুলতে এসে তার মরদেহ দেখতে পাই।”
তিনি অভিযোগ করেন, স্থানীয় আবাসিক হোটেল হিরাঝিমে মাদক বিক্রি নিয়ে ওই হোটেলের মালিকের ছেলের সাথে এই কিশোরের বিরোধ ছিল।
এই বিষয়ে ওই হোটেলের মালিক মো. মোস্তফা বলেন, “হোটেলে মাদক বিক্রির বিষয়টি মিথ্যা। ছেলেটি নিজেই মাদকাসক্ত ছিল। তাকে নিরাময় কেন্দ্রেও পাঠানো হয়েছে।
“তার সঙ্গে আমার কিশোর ছেলের ব্যক্তিগত বিষয়ে ঝগড়া হয়েছিল। ওইটা বাজারে বিচারের মধ্য দিয়ে মীমাংসা হয়েছে। এই মৃত্যুর সাথে ওই ঘটনার কোনো সম্পৃক্ততা নেই।”
ওসি হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে ওই কিশোর খুন হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।”
ওসি আরও জানান, নিহতের পরিবারের লোকজন হত্যার অভিযোগ করছেন। সেক্ষেত্রে তারা লিখিত অভিযোগ দিলে হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হবে।
