Published : 22 Jun 2026, 04:24 PM
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি পিকআপ থেকে ২৭৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোর ৬টার দিকে উপজেলার নয়ানিকান্দা গরুহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান।
গ্রেপ্তাররা হলেন- ঝিনাইগাতী উপজেলার দিঘিরপাড় গ্রামের সোরহাব আলীর ছেলে রুবেল মিয়া (৪৫), গোমড়া গ্রামের সামসুল হকের ছেলে লাল চান (২৩) এবং রাংটিয়া গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর (২৩)।
পুলিশ জানায়, পিকআপে করে ভারতীয় মদ বহন করা হচ্ছিল, এমন খবর পেয়ে সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এক পর্যায়ে সন্দেহভাজন পিকআপটিকে থামানোর সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করেন।
পরে পুলিশ তাদের আটক করে পিকআপে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ২৭৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
ওসি আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মাদক ও চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।