সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় স্ত্রীর মৃত্যু, স্বামী আহত
ফজরের নামাজ শেষে তারা বাড়ির পাশের রাস্তায় হাঁটছিলেন, বলেন স্থানীয়রা।
সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় এক নারী নিহত; তার স্বামী আহত হয়েছেন।
শনিবার ভোরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান।
নিহত জুলেখা খাতুন ছালাভরা এলাকার পূর্বপাড়ার হারুন-অর রশীদের স্ত্রী। এ ঘটনায় আহত হারুনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, ফজর নামাজ শেষে ওই দম্পতি বাড়ির পাশের রাস্তায় হাঁটতে বের হয়েছিলেন। এসময় একটি বালুবাহী ট্রাক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জুলেখা নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্বামী হারুন অর রশিদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চালক ট্রাক নিয়ে পালিয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
