২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে মামলার বাদীপক্ষকে মারধরের অভিযোগ

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে বিবাদী পক্ষ দাবি করে, উল্টো তাদের বাড়িঘরে হামলা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2024, 07:16 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

কুড়িগ্রামের চিলমারীতে চাঁদাবাজির মামলার বাদী পক্ষকে মারধরের অভিযোগ উঠেছে আসামি পক্ষের বিরুদ্ধে।

শুক্রবার সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী এলাকায় এ ঘটনা ঘটে বলে বাদী পক্ষের রাম চন্দ্র দাস অভিযোগ করেন। 

গত ৫ সেপ্টেম্বর ওই এলাকার জেলে সম্প্রদায়ের কাছে চাঁদা দাবি করাকে ঘিরে জেলে রামচন্দ্র দাস স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করে চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ দেন। 

এজাহারনামীয় আসামিরা হলেন- ওই এলাকার মিলন মিয়া (৪০), নয়ন মিয়া (৩৭), মাসুদ মিয়া (৩০), সুমন মিয়া (৩৫)। এছাড়াও অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জন আসামি রয়েছেন।

শুক্রবার সকালে চিলমারী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথসহ কয়েকজন পুলিশ ওই এলাকায় যান মামলার তদন্তে। 

ঘটনাস্থলে বাদী ও বিবাদী পক্ষ ছিল। এক পর্যায়ে মামলার আসামিরা সহ কয়েকজন বাদী পক্ষের রাম চন্দ্র দাসের স্ত্রী চম্পা রানী, ইদ্রানী, লক্ষ্মীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

রাম চন্দ্র দাসের অভিযোগ, উপজেলার পুটিমারী কাজলডাঙ্গা এলাকার তাদের সম্প্রদায়ের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি, বিনামূল্যে মাছ নেওয়াসহ বিভিন্নভাবে নির্যাতন করে আসছে একই এলাকার কিছু যুবক।

সম্প্রতি যুবকেরা রাম চন্দ্র দাসের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবিসহ প্রাণনাশের হুমকি দেয়। 

নিরুপায় হয়ে গত ৫ সেপ্টেম্বর চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন বলে জানান রাম চন্দ্র দাস।

তিনি বলেন, “দায়ের করা অভিযোগের বিষয়ে পুলিশ তদন্তে এলে বিবাদী পক্ষের লোকজন আমার পরিবারের ওপর হামলা চালায়। আমার স্ত্রীর গায়ের কাপড় ছিঁড়ে ফেলে।”

তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী পক্ষের মিলন মিয়া বলেন, “আমাদের লোকজন কোনো মারধর করেনি। উল্টো আমার বাড়িতে হামলা করেছে। এসে দেখে যান।”

চিলমারী মডেল থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ বলেন, “মামলার তদন্তে গিয়েছিলাম, আমাদের সামনে মারধরের কোনো ঘটনা ঘটেনি। ওখানে এলাকার অনেক গণ্যমান্য লোকজন ছিলেন।”