চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা আহ্বায়কসহ চার নেতার পদত্যাগ
দুপুরে ওই পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ কর্মীদের কাছে তুলে দেন নেতারা।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলার আহ্বায়কসহ চার নেতা পদত্যাগ করেছেন।
তারা হলেন- জেলা কমিটির আহ্বায়ক মো. আলাউল হক, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নাজমুল হুদা খান রুবেল এবং যুগ্ম সদস্যসচিব সৈয়দ কিবরিয়া।
বৃহস্পতিবার তারা দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে দুটি পদত্যাগপত্রের মাধ্যমে দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।
দুপুরে ওই পদত্যাগপত্রের অনুলিপি চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ কর্মীদের কাছে তুলে দেন নেতারা।
এ সময় আলাউল হক সাংবাদিকদের বলেন, “পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে দলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি না। এজন্য পদত্যাগ করেছি।”
তবে নাজমুল হুদা খান রুবেল বলেন, “পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু সেই প্রত্যাশার প্রতিফলন না হওয়ায় আমরা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”
২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে এনসিপির চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরে তাকে আহ্বায়ক করে জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
