১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ১৮ হাজার বস্তা সিমেন্ট নিয়ে মেঘনায় জাহাজডুবি

নদীতে তীব্র স্রোতের মধ্যে নোঙর ড্র্যাগিং করে অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা খেয়ে সিমেন্টবোঝাই জাহাজটির তলা ফেটে যায় বলে জানায় নৌ-পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 06:26 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্ট নিয়ে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার দোকানঘর এলাকায় নদীতে এ ঘটনা ঘটে বলে জানান নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান।

পুলিশ জানায়, সকালে এমভি চাঁদতারা-৮ নামের একটি লাইটার জাহাজ ঘাটে নোঙর করা ছিল। এ সময় নদীতে তীব্র স্রোতের প্রভাবে নোঙর ড্র্যাগিং করে জাহাজটি অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা খায়। 

এতে চাঁদতারা-৮ জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকতে থাকলে মাস্টার জাহাজটি নদীর কিনারে নিয়ে যান। এক পর্যায়ে ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ জাহাজটি ডুবে যায়। তবে ঘটনার পরপর জাহাজের সব নাবিক নিরাপদে নেমে গেছেন।

ইব্রাহিমপুর এলাকার নৌকার মাঝি আব্দুল কাদের বলেন, ভোরে ঘটনার পরপর তার নৌকায় করে জাহাজের মাস্টার মামুনসহ আটজনকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন তিনি। 

জাহাজের নাবিকরা সকাল ৯টা পর্যন্ত নদীর পাড়ে থাকলেও পরে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তারা চলে যান বলে জানান তিনি।

জাহাজ মাস্টারের অদক্ষতার কারণে এ ঘটনা ঘটেছে দাবি করে চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, “মাস্টার নদীতে তীব্র স্রোতের মধ্যে নোঙর ড্র্যাগিং করে যশোরের অভয়নগরের উদ্দেশে যেতে জাহাজটি চালু করেন। এ সময় অপর একটি জাহাজের ওপর পড়ে দুটির মধ্যে সংঘর্ষ হয়।”

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান বলেন, খবর পেয়ে চাঁদপুর থেকে মার্কিং টিম ঘটনাস্থলে পৌঁছে জাহাজটি শনাক্ত করেছে। জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে। তবে জাহাজটি নৌ চ্যানেলের বাহিরে রয়েছে।

জাহাজটিকে একটি জিআরপি বয়া দ্বারা চিহ্নিত করার কাজ চলছে বলে জানান বশির আলী খান।