সিরাজগঞ্জে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ, ৩ জনকে যাবজ্জীবন
২০১৫ সালের ১১ জুন রাতে বাড়ি ফেরার পথে স্বামীকে বেঁধে রেখে ওই গৃহবধূ ধর্ষণ করা হয় বলে জানান আদালতের পেশকার।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন তিনজন।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালমা খাতুন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের পেশকার মোক্তার হোসেন জানান।
দণ্ড পাওয়ারা হলেন- উপজেলার পেঙ্গুয়ারী গ্রামের হাসিব উদ্দিন ইমতিয়াজ ওরফে হিরন, একই গ্রামের মো. আতিক এবং মো. নয়ন।
মামলার বরাতে পেশকার মোক্তার হোসেন জানান, ২০১৫ সালের ১১ জুন রাত ১০টার দিকে উপজেলার আলেফের মোড় থেকে হিরনের ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে ওই গৃহবধূ ও তার স্বামী বাড়ি ফিরছিলেন।
“পথে মোটরসাইকেলটি উপজেলার ওয়াপদার বাঁধ থেকে রানীহাটগামী আঞ্চলিক সড়কের রাঙ্গাপাড়ায় পৌঁছালে পাঁচ ব্যক্তি তাদের গতিরোধ করেন। পরে ওই গৃহবধূকে ফাঁকা মাঠে নিয়ে ধর্ষণ করেন তারা।
“ঘটনার সময় ভিকটিমের স্বামীর হাত-পা ও চোখ বেঁধে তার কাছে থাকা মোবাইল ও ২৫০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।”
তিনি বলেন, ঘটনার পরদিন ভিকটিমের স্বামী বাদী হয়ে তাড়াশ থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ছয়জনকে আসামি করে আদালতে অভিযোপত্র জমা দেয় পুলিশ।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও এক বছর কারাবাসে থাকতে হবে বলে জানান পেশকার মোক্তার।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তিনজনকে মামলা থেকে খালাস দিয়েছেন বলে জানান তিনি।
