Published : 28 Jan 2026, 05:57 PM
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নকল সার মজুদ ও বিক্রির দায়ে এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া ওই ব্যবসায়ীর দোকান থেকে ৩১ বস্তা নকল সার জব্দ করা হয়। অভিযানের খবরে স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বুধবার দুপুরে উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম।
আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক বলেন, ব্যবসায়ী আবদুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নকল ও ভেজাল সার বিক্রির অভিযোগ করে আসছিলেন স্থানীয় কৃষকরা। প্রশাসনের নজর এড়িয়ে তিনি এই ব্যবসা চালিয়ে আসছিলেন।
দুপুরে আবদুর রহমানের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুদ ও বিক্রির সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১৭(১) ধারা লঙ্ঘনের দায়ে বিএডিসি বীজ ও সার ব্যবসায়ী আবদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষকের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান কৃষি কর্মকর্তা ওমর ফারুক।
আদিতমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম বলেন, কৃষকের স্বার্থ রক্ষা এবং সারের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।