Published : 16 Aug 2025, 01:39 AM
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা কেরোয়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে একটি অংশ বিক্ষোভ মিছিল করেছে।
আন্দোলনকারীরা অভিযোগ তুলেছেন, ‘টাকার বিনিময়ে কমিটি বিক্রি’ করে দেওয়া হয়েছে।
বিক্ষোভ মিছিলের পর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল আলম বাচ্চু বলেন, “৫০ লাখ টাকার বিনিময়ে কেরোয়া ইউনিয়ন বিএনপি কমিটি বিক্রি হয়েছে। এজন্য তড়িঘড়ি করে অবৈধ তফসিল ঘোষণা করা হয়।
“আমাদেরকে ফরম কিনতে দেওয়া হয়নি। অবৈধ নির্বাচন বন্ধ করতে আমরা কাউকে ছাড় দিব না।”
জহিরুল আলম বাচ্চু ওই ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এবারও একই পদপ্রত্যাশী।
মনোনয়ন ফরম না পাওয়ার অভিযোগ তুলে নজরুল ইসলাম ভূঁইয়া সরকার নামের একজন বলেন, “প্রবাসী হওয়ায় আমাকে ফরম দেওয়া হয়নি। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম। দলের জন্য অনেক ত্যাগ শিকার করতে হয়েছে।”
নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, “দলের জন্য নজরুলের ত্যাগ-শ্রম রয়েছে। যুক্তরাষ্ট্রপ্রবাসী হওয়ায় তাকে ফরম দেওয়া হয়নি। এজন্য তিনি ঝামেলা করেছেন। পরে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
“বাচ্চু ফরম জমা দিয়েছেন, কিছু ত্রুটি রয়েছে। তাকে আপিল করতে বলা হয়েছে, আপিল করেছেন কিনা জানা নেই। তিনিও নজরুলের সঙ্গে সংবাদ সম্মেলন করে আমাদের বিরোধিতা করেছেন। রুবেল নামের আরেকজন ফরমই কিনতে আসেননি।”
জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বলেন, “বিক্ষোভের বিষয়টি আমার জানা নেই। এছাড়া ফরম না দেওয়ার কোনো অভিযোগ কেউ আমাদের কাছে করেনি।”