২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলতে গিয়ে অটোরিকশার ধাক্কায় ১ বছরের বোন নিহত, আহত ভাই

“অটোরিকশাটি স্থানীয়রা ক্ষোভে ভাঙচুর করেছে।”

খেলতে গিয়ে অটোরিকশার ধাক্কায় ১ বছরের বোন নিহত, আহত ভাই
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 08:02 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

বগুড়া শহরের ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক শিশুর প্রাণ গেছে।

বৃহস্পতিবার শহরে মালতিনগরের শান্তিবাগ পাড়ায় এই ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার্ বনানী ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান।

নিহত এক বছর বয়সী হুমাইরা ওই এলাকার সুলতান আহমেদের সন্তান।

তার ৪ বছরের ভাই আব্দুল্লাহকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের বরাতে এসআই আমিনুল বলেন, “বাড়ির পাশে রাস্তায় হুমাইরা ও তার ভাই আব্দুল্লাহ খেলছিল। সেখানে ওই অটোরিকশাটির মেরামতের জন্য কাজ করছিলেন মিস্ত্রি।

“এ সময় অটোরিকশাটি হঠাৎ সচল হয়ে দুই শিশুকে ধাক্কা দেয়। এতে হুমাইরা ঘটনাস্থলেই মারা যায়।”

পরে স্থানীয়রা আব্দুল্লাহকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানান আমিনুল।  

এসআই আমিনুল বলেন, “অটোরিকশাটি স্থানীয়রা ক্ষোভে ভাঙচুর করেছে। চিকিৎসকের পরামর্শে আব্দুল্লাহর চিকিৎসার জন্য তার স্বজনেরা ঢাকার পথে। পরিবারের সঙ্গে কথাবার্তা পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”