মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার
২০২২ সালের ৩০ মে জেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলার মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতিকে হরিরামপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান হরিরামপুর থানা ওসি মো. মুজিবুর রহমান।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাল্লা ইউনিয়নের মহিষাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মাসুদুর রহমান মাসুদ (৪০) বাল্লা ইউনিয়নের সুরাই গ্রামের কাসেম প্রামানিকের ছেলে।
ওসি মুজিবুর রহমান বলেন, ২০২২ সালের ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার আন্ধারমানিক গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে রিতার ঘরবাড়ি ভাঙচুরসহ কয়েকজন নেতাকর্মী আহত হন।
ঘটনায় প্রায় আড়াই বছর পর ২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল মামলা করেন। এতে সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
ওসি মজিবুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে সেই ঘটনার সঙ্গে মাসুদের সম্পৃক্ততা পাওয়া গেছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
