২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে সুপারি গাছে না ওঠায় শিশুকে ছুরিকাঘাতে হত্যা

ঘটনার পর রুবেল পালিয়ে যান। তাকে আটকের জন্য পুলিশ ও স্থানীয়রা খুঁজছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 09:54 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

লক্ষ্মীপুর সদর উপজেলায় সুপারি গাছে উঠতে না চাওয়ায় এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের চররুহিতা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ।

নিহত রিয়াদ হোসেন (১২) ওই এলাকার অটোরিকশা চালক শাহেদ হোসেনের ছেলে। 

এ ঘটনায় রুবেল নামে এক যুবককে সন্দেহ করা হচ্ছে। তিনি একই এলাকার দিনমজুর মো. মিলনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, রুবেল রিয়াদকে সুপারি গাছে উঠতে বলেন। রিয়াদ এতে রাজি না হলে রুবেল ক্ষিপ্ত হয়ে তাকে ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় রিয়াদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রুবেল পালিয়ে যান। তাকে আটকের জন্য পুলিশ ও স্থানীয়রা খুঁজছে। স্থানীয়দের কেউ কেউ রুবেল মাদক সেবনের সঙ্গে জড়িত বলে দাবি করেছেন।

চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেন, সুপারি গাছে উঠতে না চাওয়ায় রুবেল রিয়াদকে ছুরিকাঘাত করেন। এতে রিয়াদের মৃত্যু হয়। রুবেলকে আটকের চেষ্টা চলছে।

ওসি ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রুবেলকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।