১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কক্সবাজার সৈকতে ভেসে এল আরও এক মরদেহ

এর আগে শুক্রবার ও শনিবার বিভিন্ন সময় ৫ জনের মরদেহ ভেসে এসেছিল।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 09:30 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

কক্সবাজারের সমুদ্র উপকূলে ভেসে এসেছে আরও এক মরদেহ। ধারণা করা হচ্ছে মরদেহটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ থাকা জেলের। 

এই নিয়ে তিনদিনে সৈকতে ভেসে এল ছয়টি মরদেহ। 

সর্বশেষ রোববার সকালে কক্সবাজার শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়া সমুদ্র উপকূলে এ মরদেহটি ভেসে আসে বলে জানিয়েছেন সি সেইফ লাইফগার্ডের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওসমান গণি। 

তিনি জানান, মরদেহটি দেখে স্থানীয়রা লাইফ গার্ড কর্মী ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করেন। পরে বিচ কর্মীরাসহ লাইফগার্ড কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। 

খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিক মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এটি বঙ্গোপসাগরে ট্রলারসহ নিখোঁজ জেলের একজন বলে ধারণা করা হচ্ছে বলেও জানান লাইফগার্ডের এই তত্ত্বাবধায়ক। 

এর আগে শুক্রবার ও শনিবার বিভিন্ন সময় ৫ জেলের মরদেহ ভেসে এসেছিল।

এর মধ্যে শনিবার দুপুর আড়াইটার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সমুদ্র সৈকতে দুটি মৃতদেহ ভেসে আসে। সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সমিতি পাড়া পয়েন্ট থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আগের দিন শুক্রবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট এবং রামু উপজেলার পেঁচারদ্বীপ পয়েন্টে ভেসে আসা দুই জেলের মৃতদেহ উদ্ধার হয়।

কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানিয়েছেন, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে সাগরে মাছ ধরতে যাওয়া আটটি ফিশিং ট্রলারসহ ৭০ জেলে নিখোঁজ ছিল। এর মধ্যে কয়েকজনের মরদেহ পাওয়া গেছে। অপরাপর জেলেদের ভাগ্যে কি ঘটেছে বলা যাচ্ছে না।

পুরানো খবর

কক্সবাজার সৈকতে ভেসে এল আরও ২ জেলের লাশ, দুদিনে ৫টি

কক্সবাজারে পানিবন্দি ২ শতাধিক গ্রাম, ৩ জেলের লাশ উদ্ধার, নিখোঁজ ৭০