সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন প্রতিবন্ধী জেলে
বন কর্মকর্তা জানান, ওই জেলে কাঠ সংগ্রহ করতে বনে যান। তখন একটি বাঘ তার ওপর আক্রমণ চালায়।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের সঙ্গে লড়াই করে প্রাণে বেঁচে ফিরলেন এক প্রতিবন্ধী জেলে।
শনিবার দুপুরে সুন্দরবনের ছবেদ আলির খাল সংলগ্ন এলাকায় তিনি বাঘের আক্রমণের শিকার হন বলে জানান বনবিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ।
শ্রবণ প্রতিবন্ধী রেজাউল পাইক শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের প্রয়াত সুরাত পাইকের ছেলে।
পারিবারের সদস্যদের বরাতে বন কর্মকর্তা সলজ কুমার বলেন, রেজাউল জ্বালানি কাঠ সংগ্রহ করতে সুন্দরবনের ছবেদ আলী খাল সংলগ্ন এলাকায় যান। তখন একটি বাঘ তার ওপর আক্রমণ চালায়। এ সময় প্রাণ বাঁচতে হাতে থাকা দা নিয়েই বাঘের সঙ্গে লড়াই শুরু করেন। রেজাউলের দা’র আঘাতে এক পর্যায়ে বাঘটি তাকে ছেড়ে যেতে বাধ্য হয়। আক্রমণে তিনি আহত হন।
আহত রেজাউল পাইক নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানান পরিবারের সদস্যরা।
