Published : 06 Apr 2023, 07:01 PM
সুনামগঞ্জ শহরে ব্যাটারিচালিত দুই অটোরিকশা চালকের মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে এক ক্ষুদ্র ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের নবীনগর পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রিপন কুমার মোদক।
নিহত ফারুক মিয়া (২৮) মাইজবাড়ি গ্রামের ওয়ারিশ আলীর ছেলে। তিনি নবীনগর পয়েন্টের মুদি দোকানদার ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রিপন কুমার বলেন, বৃহস্পতিবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চালক রোমান ও নাজমুলের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে নাজমুল তার আত্মীয়-স্বজন এনে রোমানের ওপর হামলা করেন।
“এ সময় মুদি দোকানদার ফারুক মিয়া তাদের থামাতে গেলে দুষ্কৃতকারীরা তার পিঠে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।”
তিনি আরও জানান, রোমানকেও ছুরিকাঘাত করেন দুষ্কৃতকারীরা। রোমানকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়রা মারামারি চলাকালে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বলেও রিপন কুমার জানান।
অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন বলেন, “ফারুক আমাদের মার্কেটে ব্যবসা করত। সে খুব ভালো ছেলে ছিল। চালকদের মারামারির সময় ছুরিকাঘাতে সে মারা গেছে বলে আমাকে জানিয়েছেন স্থানীয়রা।”