১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: ভোটগ্রহণ শুরু, ভোটার উপস্থিতি কম

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার কিছুটা বাড়ার আশা করেন রিটার্নিং কর্মকর্তা।

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: ভোটগ্রহণ শুরু, ভোটার উপস্থিতি কম

ভোটার শূন্য লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 10:10 AM

Updated : 05 Nov 2023, 11:18 AM

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে শূন্যপদে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে আসনটির ১১৫ কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তবে কয়েকটি কেন্দ্র ঘুরে কেন্দ্রগুলোয় ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, সরকারের মেয়াদের শেষ সময়ের নির্বাচন, নির্বাচিত সংসদ সদস্যের সংসদের অধিবেশনে যোগ দেয়ারও সুযোগ নেই। তাই ভোটারদের আগ্রহ কম।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার কিছুটা বাড়ার আশা করেন এই নির্বাচন কর্মকর্তা।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের গোলাম ফারুক পিংকু (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), জাকের পার্টির সামছুল করিম খোকন (গোলাপ ফুল) ও এনপিপির সেলিম মাহমুদ (আম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে রোববার পৌনে ৮টার দিকে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন। সেই সময় এই কেন্দ্রে দুই শতাধিক নারী ও পুরুষ ভোটার দেখা যায়।

ভোট প্রদান শেষে ‘সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে’ জানিয়ে নিজের ‘জয়ের ব্যাপারে শতভাগ আশা’ প্রকাশ করেন নৌকার এই প্রার্থী।

Image

লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু।

এছাড়া লাঙলের প্রার্থী রাকিব হোসেন পৌর শহরের মজুপুর এলাকার পাবলিক স্কুল ও গোলাপ ফুলের প্রার্থী সামছুল করিম খোকন লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন বলে জানা গেছে।

তবে আম প্রতীকের প্রার্থী সেলিম মাহমুদ কোন কেন্দ্রে ভোট দেবেন তা জানা যায়নি। তার সঙ্গে যোগাযোগ করতে মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। এতে ৪ অক্টোবর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করেন। একইসঙ্গে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এই উপনির্বাচনে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ১১৫টি ভোটকেন্দ্রে নিরাপত্তার লক্ষ্যে ১৬ জন ম্যাজিস্ট্রেট, ৬ প্লাটুন বিজিবি, ৭ প্লাটুন র‌্যাব, ৯৫০ জন পুলিশ ও ১৪৯৫জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।

এ আসনে ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন ভোটার রয়েছে। এরমধ্যে ২ লাখ ৯ হাজার ৯৬ জন পুরুষ ও ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন নারী ভোটার।