২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

দাম্পত্য কলহের সালিশি বৈঠক শেষে থানা ফটকে সংঘর্ষ, গ্রেপ্তার ৫

গ্রেপ্তারদের মধ্যে ভগ্নিপতি ও শ্যালক রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 01:53 AM

Updated : 27 Oct 2026, 01:53 AM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ মেটাতে ডাকা সালিশি বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।

সোমবার রাতে থানার প্রধান ফটকের সামনে এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুই পক্ষের পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার পাঁচজন হলেন- মো. আলাউদ্দিন সোহেল, ইমতিয়াজ চৌধুরী, মো. আজগর আলী, জাহিদুল ইসলাম সাব্বির ও মাইন উদ্দিন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, মুছাপুর ইউনিয়নের চর ছোটধলী এলাকার দুবাই প্রবাসী আলাউদ্দিন সোহেলের সঙ্গে এক বছর আগে মোবাইল ফোনে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের লামছি প্রসাদ গ্রামের মাশরুপা আক্তার ফারজাহানার বিয়ে হয়।

তিন মাস আগে সোহেল দেশে ফিরলে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এ বিষয়ে সোমবার রাত ৮টায় দুই পক্ষ থানায় সালিশি বৈঠকে বসে। বিষয়টি স্থানীয়ভাবে কিংবা লিগ্যাল এইডের মাধ্যমে সমাধানে উভয় পক্ষ সম্মত হয়ে বৈঠক শেষ করে।

ওসি বলেন, এরপর থানা থেকে বের হয়ে যাওয়ার সময় ফটকে সোহেল ও ফারজাহানার ভাই তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে অন্তত ছয়জন আহত হন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।

এ সময় সোহেল ও তার শ্যালকসহ উভয় পক্ষের পাঁচজনকে আটক করার তথ্য দেন ওসি।

তাদের ১৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।