চাঁদপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত
অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন ওয়াজ উদ্দীন।
চাঁদপুরের কচুয়া উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
শনিবার বিকালে কচুয়া-গৌরীপুর সড়কে উপজেলার সাচারের হাটমুড়া মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল জানান।
নিহতরা হলেন- উপজেলার বারৈয়ারা মোল্লা বাড়ির ওয়াজ উদ্দীন (৩০) এবং তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিকুন্নাহার (২৪)।
ওয়াজ উদ্দীনের ভাই রবি উল্ল্যাহ ও ছফি উল্ল্যাহ সাংবাদিকদের জানান, চার ভাই ও তিন বোনের মধ্যে ওয়াজ উদ্দীন সবার বড়। গত বছর প্রবাস থেকে ফিরে তিনি বারৈয়ারা উত্তরপাড়া নজরুল ইসলামের মেয়ের সাবিকুন্নাহারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারা সাচার থেকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন।
ওসি ইব্রাহিম খলিল বলেন, অটোরিকশাটি সাচার থেকে বারৈয়ারা যাচ্ছিল আর ট্রাকটি ঢাকা থেকে কচুয়ার দিকে যাচ্ছিল। পথে তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।
