আওয়ামী লীগ নেতাকে ‘অবরুদ্ধ’ করে বাইকে আগুন, উদ্ধার করল পুলিশ
বরিশালের বানারীপাড়ার ওই ইউপি চেয়ারম্যানকে উদ্ধারের পর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে অবরুদ্ধ করে তার মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে তাকে উদ্ধারের পর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাখার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা।
গ্রেপ্তার সৈয়দ মজিবুল ইসলাম টুকু উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চাখার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।
ইউপি চেয়ারম্যান মজিবুল ইসলাম জানান, দুপুরে চাখার বাসস্ট্যান্ড এলাকায় অগ্রণী ব্যাংকে নিজ হিসাব নম্বরের স্টেটমেন্ট (বিবৃতি) নিতে যান তিনি। ব্যাংক থেকে বের হওয়ার সময় একজন তাকে ফোন করে জানান, বের হলেই তার ওপর হামলা হবে।
তখন তিনি আর ব্যাংক থেকে বের হননি। এক পর্যায় ব্যাংকের সামনে থাকা তার মোটরসাইকেলটি অগ্নিসংযোগ করেন কয়েক যুবক। পরে তিনি থানার ওসিকে ফোন করে তাকে উদ্ধারের অনুরোধ করেন। সন্ধ্যার দিকে ওসি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
চাখার ইউনিয়ন যুবদল নেতা মনির সরদরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি ইউপি চেয়ারম্যান মজিবুল ইসলামের।
ওসি মোস্তফা বলেন, “মজিবুল ইসলামকে বিএনপির কিছু নেতাকর্মী ধাওয়া দিলে তিনি একটি ব্যাংকে আশ্রয় নেন। পরে বিএনপি নেতাকর্মীরা তার মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মোটরসাইকেলের আগুন নিভিয়ে ফেলে।
“তাৎক্ষণিক সেখানে পাঠানো পুলিশ সদস্যদের সঙ্গে ইউপি চেয়ারম্যান আসতে সাহস পায়নি। তাই সন্ধ্যার পর তাকে ব্যাংক থেকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”
এ বিষয়ে জানতে যুবদল নেতা মনির সরদরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়ায় যায়নি।
তবে বানারীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলম মিঞা বলেন, “মজিবুল ইসলাম একটি মামলার আসামি। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তার মোটরসাইকেলে অগ্নিসংযোগের বিষয়ে কোনো অভিযোগ পায়নি।”
