মানিকগঞ্জে ‘গ্রামীণ রাস্তা বন্ধ করে কারখানা’, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
গ্রামবাসীর সঙ্গে কোম্পানি মালিক পক্ষের আলোচনার পর মহাসড়ক ছাড়েন তারা।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গ্রামীণ রাস্তা বন্ধ করে কারখানা তৈরির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন একটি গ্রামের বাসিন্দারা। এতে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের উভয় দিকে ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
পরে বিকাল পৌনে ৫টার দিকে গ্রামবাসী অবরোধ থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল চন্দ দাস জানান।
এর আগে বুধবার বেলা সোয়া ১১টার দিকে সড়ক বন্ধ করে কারখানা প্রতিষ্ঠার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামবাসী।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় ১৭ বছর ধরে ঢাকা-আরিচা মহাসড়ক থেকে উপজেলার গোলড়া এলাকাবাসীর চলাচলের গ্রামীণ রাস্তাটি তারাসিমা অ্যাপারেলস ও পিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দিয়েছে।
সড়ক অবরোধকারী আলী হোসেন বলেন, “সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকার বাসিন্দাদের পুরনো একটি সড়ক বন্ধ করে দিয়েছে তারাসিমা অ্যাপারেলস ও পিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড
কনস্ট্রাকশন লিমিটেড নামে দুটি কোম্পানি।”
তবে তারাসিমা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক (এডমিন) ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলাচলের সড়ক বন্ধ করার অধিকার কি কারো আছে?
আর স্থানীয়রা জমি বিক্রি করলে আমরা আর পিয়াল কনস্ট্রাকশন তা ক্রয় করি। কোনো রাস্তা কেউ কেনেনি। জমি কেনা হয়।
সড়ক বন্ধের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি পিয়াল কনস্ট্রাকশনকে জিজ্ঞেস করতে বলেন।
গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল চন্দ্র দাস বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী ও গোলড়া বাসস্ট্যান্ডর মাঝামাঝি গোলড়া গ্রামে যাতায়াতের একটি মাটির সড়ক ছিল। পরে কোম্পানি ওই জমি কিনে নিয়ে কারখানা নির্মাণ করলে পায়ে হাঁটার রাস্তাটি বন্ধ হয়ে যায়।
“পরে গোলড়া গ্রামের লোকজন পুরনো সেই রাস্তা বহালের দাবিতে মহাসড়কে অবস্থান নেয়।”
খবর পেয়ে পুলিশ সেখানে যায়। গ্রামবাসীর সঙ্গে কোম্পানি মালিক পক্ষের আলোচনার পর বিকাল সাড়ে ৪টার দিকে মহাসড়ক ছাড়েন তারা।
