২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ‘মার্চ ফর জাস্টিস’ সমর্থনে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিক্ষোভের শুরুতে শিক্ষার্থীরা জেলা জজ আদালতের দিকে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 03:58 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর শহরে ‘মার্চ ফর জাস্টিস’ পদযাত্রা করেছেন শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১টার দিকে চোখ ও মুখে লাল কাপড় বেঁধে চাঁদপুর জেলা জজ আদালত ও জেলা প্রশাসক কার্যালয় এলাকায় বিক্ষোভ করেছেন তারা। 

বিক্ষোভের শুরুতে শিক্ষার্থীরা জেলা জজ আদালতের সম্মুখে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। পরে তাদেরকে সরিয়ে সড়কের একপাশে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃষ্টি উপেক্ষা করে শতাধিক শিক্ষার্থী অবস্থান নেয়।

এ সময় আন্দোলনকারী ‘আমার খাও, আমার পর, আমাকে গিয়ে গুলি কর’; ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’; ‘আমার ভাই মরলো কেন, আমার বোন মরলো কেন, জবাব চাই’; ‘দিয়েছিতো রক্ত আরও দেব রক্ত’; ‘কোটা না মেধা, মেধা, মেধা...’ বলে স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনে সরকারি বিভিন্ন বাহিনীসহ ছাত্রলীগ-যুবলীগ গুলি করে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করেছে। আর এখন পুলিশ নিরীহ শিক্ষার্থীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠাচ্ছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্পেশাল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম এবং ডিবির ওসি এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, “আমরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য বলেছি। তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা এবং জনগণের জানমালের ক্ষতি না করে সে বিষয়ে বুঝিয়ে বলা হয়েছে।”

এদিকে ১৯ জুলাই চাঁদপুর, হাজীগঞ্জ ও শাহরাস্তিতে সহিংসতার ঘটনায় করা সাতটি মামলায় এ পর্যন্ত বিএনপি ও জামায়াতের ৭৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।