২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে গণমিছিলে এসে বিএনপি-জামায়াত কর্মীর মৃত্যু

সদর হাসপাতালের আরএমও বলেন, ধারণা করা হচ্ছে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 09:19 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

লক্ষ্মীপুরে আলাদা নির্বাচনি গণমিছিলে এসে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুই কর্মীর মৃত্যু হয়েছে। 

সোমবার লক্ষ্মীপুর সদরে গণমিছিলে যোগ দিতে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সন্ধ্যায় সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অরূপ পাল বলেন, ধারণা করা হচ্ছে তারা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। 

মৃতরা হলেন- আব্দুস সহিদ (৬০) ও ওবায়দুল হক (৪৫)। এর মধ্যে সহিদ জামায়াত কর্মী এবং ওবায়দুল বিএনপি কর্মী বলে জানা গেছে। 

সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা এবং ওবায়দুল একই এলাকার আব্দুল মুনাফের ছেলে। 

নেতাকর্মীরা বলেন, বিকালে জেলা শহরে লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমের গণমিছিল ছিল। মিছিলে আসার পথে জামায়াত কর্মী সহিদ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ছাড়া সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গণমিছিল হয়। এতে বিএনপিকর্মী ওবায়দুল অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, “সহিদ মিছিলে আসার পরে অসুস্থ হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি।” 

লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, “ওবায়দুল আমাদের দলের কর্মী। সে নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করেছিল। একপর্যায়ে অসুস্থ হয়ে সে মারা যায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।”