ধর্ষণের শিকার শিশু অন্তঃসত্ত্বা, সালিশে মীমাংসার চেষ্টার পর মামলা
দিনাজপুরের ফুলবাড়ীতে ঘটনাটি মীমাংসার কথা বলে শিশুটির পরিবারকে টাকা ও জমি দেওয়ার আশ্বাস দিয়ে পালিয়ে যান আসামি।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি সালিশে মীমাংসার চেষ্টার এক পর্যায়ে এক বৃদ্ধার বিরুদ্ধে মামলা করা হয়।
শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন বলে ফুলবাড়ী থানার ওসি আফজাল হোসেন শাহ জানিয়েছেন শনিবার।
আসামি নুরুল ইসলাম ওরফে দয়াল (৬৫) একই উপজেলার বাসিন্দা। তিনি ভাঙারি ব্যবসা করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর পরিবার নিয়ে এলাকা থেকে পালিয়েছেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়, শিশুটির মা চাতালে কাজ করেন এবং বাবা ভিক্ষা করে সংসার চালান। মেয়েটি বেশিরভাগ সময় মামার বাড়িতে থাকত। প্রতিবেশী হওয়ায় নুরুলের ওই বাড়িতে যাতায়াত ছিল। এই সুযোগে তিনি শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন।
সবশেষ ৫ ফেব্রুয়ারি শিশুটিকে একটি ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। এর কিছুদিন পর শিশুটির শারীরিক পরিবর্তন দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু নুরুল শিশুটির পরিবারকে ভয় দেখান এবং মেরে ফেলার হুমকি দেন।
শিশুটির মায়ের অভিযোগ, প্রায় এক সপ্তাহ আগে নুরুল স্থানীয় কয়েকজনকে নিয়ে শিশুটির বাড়িতে আপোষ করার জন্য যান। তখন মীমাংসার কথা বলে শিশুটির পরিবারকে দেড় লাখ টাকা ও দুই শতক জমি দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এ ছাড়া বিয়ের কথা বলে সাদা কাগজে শিশুটির সই নেওয়া হয়।
“পরে টাকা ও জমি না দিয়ে নুরুল বাড়ি ছেড়ে পালিয়ে যান। এখন আমার মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা”, বলেন তিনি।
মেয়ের ভবিষ্যৎ ও সামাজিক অবস্থার কথা ভেবে বিষয়টি মীমাংসার চেষ্টা করায় মামলা করতে দেরি হয়েছে বলে জানান শিশুটির মা।
আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ফুলবাড়ি থানার ওসি আফজাল হোসেন শাহ।
