২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ ও ভিডিও’, গ্রেপ্তার ২

ঘটনাটি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 07:54 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

ঢাকার সাভারে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার বিকালে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পরই তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. শান্ত (২৪) ও ইমন মোল্লা ওরফে আশিক (২৬)।

অভিযোগের বরাতে পুলিশ জানায়, ১৭ বছরের কিশোরীর পরিবার পৌরসভা এলাকায় ভাড়া বাসায় থাকে। বৃহস্পতিবার বিকালে তিনি ছোট বোনের বাসা থেকে নিজের বাসায় ফিরছিলেন। তখন শান্ত তার পথরোধ করে এবং কৌশলে তাকে একটি ভবনে নিয়ে যায়। 

পরে সেখানে পাঁচজন মিলে ধর্ষণ করে এবং তার ভিডিও ধারণ করে। ঘটনাটি কাউকে জানালে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়।

কিশোরীর বাবা বলেন, তার মেয়ে দুদিন ধরে মন খারাপ করে বাসায় বসে থাকে এবং অসুস্থ হয়ে পড়ে। কারণ জানতে চাইলে সে পরিবারের কাছে ঘটনাটি খুলে বলে।  

এরপরই কিশোরীর বাবা রোববার সকালে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। বাকি তিনজনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।